চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ভিপি ও এজিএস পদে এগিয়ে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল, আর জিএস পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী।
বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অফিসে প্রধান নির্বাচন কমিশনার, সদস্যসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা আল আমীন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ১৩০ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১৭৫ ভোট, যা তাকে এই পদের শীর্ষে রেখেছে। অন্যদিকে ছাত্রদলের মো. শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।
এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ১৭০ ভোট, যেখানে শিবির প্রার্থী সাজ্জাদ হোসন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।
রশিদ চৌধুরী ছাত্রাবাসের পর এবার সূর্য সেন হলেও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের এগিয়ে থাকা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ফলে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী হৃদয় পেয়েছেন ৩৪ ভোট এবং সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পান ২৭ ভোট।


