জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখা ছাত্রদল।
রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি চত্বর ও হল পাড়া এলাকা ঘুরে আবার টিএসসির ডাস চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন,‘জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা জোবায়েদকে নৃশংসভাবে খুন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানেগুলোয় শিক্ষার্থীদের নির্যাতন, দমন-পীড়ন এমনকি হত্যা করা হচ্ছে।’
সঠিক তদন্তের মাধ্যমে জোবায়েদ হত্যার বিচার এবং খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুধু প্রতিবাদ মিছিলে সীমাবদ্ধ থাকবে না। নিজেদের কর্মসূচি ও আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা গ্রহণ করবে।’
কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বলেন, ‘এখন পর্যন্ত শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের কোনো অগ্রগতি নেই। পারভেজ হত্যারও বিচার হয়নি।’
আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘জোবায়েদের হত্যার বিচারও ধামাচাপা পড়তে পারে। আমরা খুনিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
ঢাকার আরমানিটোলায় একটি বাসার সিঁড়ি থেকে রোববার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।


