রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সামনে পরিচয়পত্র তুলে ধরেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
পরিচয়পত্র পেশ করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।’
দুই দেশের মধ্যে ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে, দুই দেশের মানুষের উপকার হয় এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে এবং দুই দেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করেছি।’
এই কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে নিজের আগ্রহের কথাও রাষ্ট্রপতিকে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার কর্মকর্তা ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর আগে দেশটির স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।


