বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমের চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন শরীফুল ইসলাম। কিন্তু বছর পেরিয়ে গেলেও সামির কাদের চৌধুরীর মালিকানাধীন সেই ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পারিশ্রমিকের পুরো টাকা বুঝে পাননি এই বাঁহাতি পেসার। বৃহস্পতিবার সর্বশেষ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলে পারিশ্রমিকের ৫০ শতাংশের চেক অবশ্য হাতে পেয়েছেন তিনি।
এবারের বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের মালিকানা থেকে সরে দাঁড়ান আবদুল কাইয়ুম। কোনো স্পন্সর ব্যবস্থা করতে না পারায় এই সিদ্ধান্ত নেন তিনি। এরপর দলটির দায়িত্ব নেয় বিসিবি। টুর্নামেন্টেও রীতিমতো স্বপ্নের মতো পথচলা হয় চট্টগ্রামের। শেষ করেছে রানার্স আপ হয়ে।
যেহেতু বিসিবি শেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে, তাই নিলাম ও সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে কিছুটা সময় লেগেছে বিসিবির। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিসিবির বোর্ড রুমে চট্টগ্রামের ক্রিকেটারদের ডেকে তাদের হাতে চেক তুলে দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও হাবিবুল বাশার। ছিলেন চট্টগ্রামের টিম ম্যানেজার নাফিস ইকবালও।
চেক হাতে পেয়ে শরীফুল বলেন, ‘সত্যি বলতে এবার সবচেয়ে ভালো গেছে। এর আগে সুমন স্যারের (হাবিবুল বাশার সুমন) সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম। এই দুইবারই খুব ভালো ছিল। তবে এবারের আগের আসরের পেমেন্ট এখনও পাওনা। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে ।’
নিলাম থেকে ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে টানে চট্টগ্রাম। তাই প্রশ্ন উঠেছিল বিপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার নিজের পারিশ্রমিক বুঝে পাবেন কিনা। সেই শঙ্কাকেও ভুল প্রমাণ করেছে বিসিবি। শরীফুলদের সাথে নাঈমের হাতেও চেক তুলে দিয়েছেন মিঠু-ফাহিমরা।


