ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। প্রণালি খুলে দেওয়ার পরও ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকায় আবারও তা অচল করে দেওয়ার ঘোষণা দেয় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘আগের অবস্থায় ফিরে গেছে’।
আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র অবরোধের নামে ‘জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি’ চালিয়ে যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আল জাজিরার খবরে বলা হয়, ‘এই কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে এবং এই কৌশলগত জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।’
‘ইরানের বন্দরে প্রবেশ ও বেরিয়ে যাওয়া জাহাজগুলোর জন্য যুক্তরাষ্ট্র নৌ চলাচলের পূর্ণ স্বাধীনতা পুনঃস্থাপন না করা পর্যন্ত হরমুজ প্রণালির অবস্থা কঠোর নিয়ন্ত্রণে এবং আগের অবস্থাতেই থাকবে বলেও জানায় আইআরজিসি।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে সমঝোতার ইঙ্গিত দিয়ে সব ধরনের নৌ চলাচলের জন্য প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান চুক্তি সই না করা পর্যন্ত তাদের বন্দরে অবরোধ চলবে। ইরান চুক্তি না করলে যুদ্ধবিরতি আর না বাড়ানোরও হুমকি দেন তিনি।
এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালির জন্য নতুন নৌব্যবস্থা মেনে চলার সময় এসেছে।’
তিনি জানান, নতুন এই ব্যবস্থায় কেবল আইআরজিসির নৌবাহিনীর অনুমোদন পাওয়া বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত রুট দিয়ে চলাচল করতে পারবে এবং এ অনুমতি নিতে তাদের নির্ধারিত টোল পরিশোধ করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজের বিরুদ্ধে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে হরমুজের পরিস্থিতি সহজেই পরিবর্তন করা যেতে পারে।’
খাতাম আল-আম্বিয়া সামরিক সদর দপ্তরও জানায়, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজগুলোর পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতার ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার না করা পর্যন্ত ‘হরমুজ প্রণালির পরিস্থিতি ইরানের অধীনে কঠোর নিয়ন্ত্রণে এবং অপরিবর্তিত থাকবে।’


