আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ছিলেন উইকেট শূন্য। তবে মঙ্গলবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৩ ওভার বল করে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দলও জিতেছে ১১৮ রান তাড়া করে ৮ উইকেটের ব্যবধানে। এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়েও। ২ ধাপ এগিয়ে এই বাঁহাতি পেসার এখন র্যাংকিংয়ের অষ্টম অবস্থানে।
বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে বোলারদের তালিকায় মোস্তাফিজের সাথে উন্নতি হয়েছে শেখ মাহেদী হাসাবন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিবেরও। ব্যাটারদের র্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন।
৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে মোস্তাফিজ। যদিও তার ক্যারিয়ার সেরা র্যাংকিং পঞ্চম আর রেটিং পয়েন্ট ৭১৮। আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে চার উইকেট নিয়ে তিন ধাপ এগোনো শেখ মাহেদী এখন ১৪-তম অবস্থানে। পাঁচ ধাপ এগিয়ে লেগ স্পিনার রিশাদ আছেন ১৫-তম স্থানে। আয়ারল্যান্ড সিরিজে কোনো উইকেট না পেলেও পাঁচ ধাপ উন্নতি করা নাসুম আহমেদ আছেন ২৫তম র্যাংকিংয়ে। দুই ধাপ এগোনো ডানহাতি পেসার তানজিম সাকিব ৩৫ নম্বরে।
বোলারদের তালিকার শীর্ষ পাঁচের শুরুতে ভারতের বরুণ চক্রবর্তী, দ্বিতীয় নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, তৃতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান, তালিকার চতুর্থ পাকিস্তানের আবরার আহমেদ ও পঞ্চম শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের ম্যাচে পারভেজ ইমন খেলেছেন ৪৩ ও ৩৩ রানের ইনিংস। এর প্রভাবে উঠেছেন ব্যাটারদের র্যাংকিংয়ের ক্যারিয়ার সেরা ৩৮-তম অবস্থানে, এগিয়েছেন ২১ ধাপ। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান তানজিদ হাসান তামিমের, ১৯ নম্বরে আছেন এই বাঁহাতি ওপেনার। পাঁচ ধাপ এগিয়ে ৪২ তম অবস্থানে উঠেছেন তাওহিদ হৃদয়।


