বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু নির্বাচনে সরকারি হস্তক্ষেপ এবং অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগ তুলে তামিমসহ মোট ১৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। তৃতীয় বিভাগে বাছাই পার হওয়া ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপও স্থগিত হয়। পরে অবশ্য ওই ১৫টি ক্লাব তাদের কাউন্সিলরশিপ ফিরে পায়। কিন্তু নির্বাচনে অংশ নেয়নি কোনো ক্লাবের প্রতিনিধি।
তবে বুধবার রাজধানীর একটি হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, বিসিবি নির্বাচনে অংশ নিলে তার জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না।
গত সোমবার, বিসিবি নির্বাচনের আগের রাতে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ধৈর্য ধরলে অনেকেই বিসিবি পরিচালক হতে পারতেন।’
এই পোস্টের প্রেক্ষিতে, যে প্রশ্ন উঠেছিল যে নির্বাচনের ‘ট্রেন’ মিস করেছেন কি না। জবাবে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি নিশ্চিত যে আমার বিষয়ে আপনাদের কমবেশি ধারণা আছে। আপনি সত্যিই মনে করেন ১৫টি ক্লাব থাকুক বা না থাকুক, আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য বাস ধরা বা না ধরা কখনো বিকল্প ছিল না। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি স্বচ্ছ নির্বাচন হওয়া। এটাই ছিল আমার স্ট্যান্ড।’
পরিচালক নির্বাচিত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে তামিম আরও বলেন, ‘আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, আমার পক্ষে কোন টিম আছে, বিপক্ষে কোন টিম আছে, তারপরও আমি সহজেই পাস করতাম। এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কারণ আমি বিশ্বাস করি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আছি।’


