ঢাকায় চলন্ত বাসে এক যাত্রীকে অজ্ঞান করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার সময় পাঁচ ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছেন বাসযাত্রী শিক্ষার্থীরা।
বুধবার দুপুর আড়াইটার দিকে হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। পরে তাদেরকে হাতিরঝিল থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
ভুক্তভোগী অচেতন বাস যাত্রী আব্দুল মান্নানকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন জানান, দুপুরে হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে গুলিস্থান গামী গাজীপুর পরিবহনের একটি বাসের ভিতর থেকে অচেতন আব্দুল মান্নানকে উদ্ধার করা হয়। এসময় গণধোলাইয়ে আহত পাঁচ জনকেও আটক করা হয়।
এই পাঁচজন হলেন, আব্দুর রশিদ (৪৭), কামাল হোসেন (৪৫), বিল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও ওসমান আলী (৪০)।
ভুক্তভোগী আব্দুল মান্নানের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বলে জানিয়েছেন এসআই রাজিব। তিনি বলেন, ‘ওই ব্যক্তি উত্তরা ৩৩ নম্বর রোডের ৯ সেক্টরের একটি বাসার কেয়ারটেকার। চলন্ত বাসে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে আচারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে কৌশলে খাইয়ে দেয়। এরপরই তিনি বাসের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর তার কাছ থাকা প্রায় ৬০ হাজার টাকা ওই প্রতারক চক্র হাতিয়ে নেওয়ার সময় বাসে থাকা বেশকিছু শিক্ষার্থী টের পেয়ে যায়।’
তারাই অজ্ঞানপাটির সদস্যদের হাতেনাতে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। এসময় তাদের কাছ থেকে টাকাগুলোও উদ্ধার করা হয় বলে জানান তিনি।


