নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না করার অভিযোগে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের নামে মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
পাবনার বেড়া পৌরসভার সাবেক পৌর মেয়র এস এম আসিফ শামস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর ছেলে। শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তার ছেলে আসিফ শামসের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ হয়।
দুদকের নথিতে বলা হয়েছে, আসিফ শামসের স্থায়ী ঠিকানায় সম্পদ বিবরণী নোটিশ পাঠনোর হয়। আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের জন্য তাকে ২১ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।
তবে গত ১৮ ফেব্রুয়ারি সেই সময়সীমা শেষ হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বাড়ানোর জন্য দুদকে কোনো আবেদন করেননি।
ফলে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।
দুদক সূত্রে জানা গেছে, শামসুল হক টুকুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর মামলা একটি মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।


