জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন খেলার মাঠের সংস্কারকাজ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন এবং দরপত্র ছাড়াই কাজ দেওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ সংস্কারের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সরকারি ক্রয় বিধিমালা লঙ্ঘন এবং দরপত্র ছাড়া কাজ দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসার পর সংস্কারকাজ স্থগিত করা হয়।
অভিযোগের সত্যতা যাচাইয়ে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাহবুব কবিরকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন এবং সদস্য-সচিব হিসেবে প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আশিকুর রহমান।
তদন্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


