টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার এক বছরের শিশুকন্যা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বেড়বাড়ী কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঁখি আক্তার (২২) মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের প্রবাসী মো. শুভর স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের আদাবাড়ি গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, আঁখি এক বছরের শিশুসন্তানকে নিয়ে সখীপুরের পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বেড়বাড়ী কলাবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়। আঁখির স্বামী বর্তমানে প্রবাসে রয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘মা ও শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে।’


