মানিকগঞ্জসহ কয়েকটি জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার বিকালে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, যারা বাউলদের ওপর হামলা করেছে, দ্রুত তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য যে জায়গায় হামলা হয়েছে, সেসব জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে।
ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আটক করে পুলিশ। তার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর মানববন্ধনে সমবেত হওয়া বাউলদের উপর ‘তৌহিদী জনতা’র ব্যানারে হামলা চালায় একদল ব্যক্তি।
এ ছাড়া ২৬ নভেম্বর ঠাকুরগাঁয়ে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময়ও বাউলদের ওপর হামলা চালানো হয়।


