জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্পগুলোর ছয়টি নতুন, চারটি সংশোধিত।
বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সভাটি হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান এতে সভাপতিত্ব করেন।
অনুমোদিত প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি। এর একটি ঢাকা মেডিকেল কলেজের অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ। অন্যটি ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল ভবন নির্মাণ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের একটি ধরলা নদীর ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা। অন্যটি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট শক্তিশালীকরণ।
এ ছাড়া গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদার, জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকায় ডেসকো এলাকার বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ এবং রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আগে অনুমোদিত ৯টি প্রকল্পের তথ্যও একনেককে জানানো হয়।
এ ছাড়া সাধারণ অর্থনীতি বিভাগ প্রকাশিত ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


