খুলনা পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার নামের এক প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল ওই গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিছুদিন আগেই দেশে ফেরেন তিনি।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আ. সবুর খান জানান, সোহেল দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে মানিক সরদারের বালুর মাঠে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। পরে এলাবাসী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


