মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
Advertisement
Advertisement

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো–কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ সীমান্তের ভেতরে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে।

সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো ধরনের উসকানি ছাড়া বাংলাদেশ অভিমুখে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী।

বাংলাদেশ মিয়ানমারকে এ ঘটনার পূর্ণ দায়ভার নিতে এবং ভবিষ্যতে এ ধরনের সীমান্তপারের গুলিবর্ষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

আরও পড়ুন

পাশাপাশি, মিয়ানমারের কর্তৃপক্ষ ও সেদেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তা যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত না করে- তা নিশ্চিত করতে জোর দেয় ঢাকা।

আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দেন- তার সরকার এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গত রোববার সকালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা আফনান। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গুলিটি মস্তিষ্কের সংবেদনশীল স্থানে আটকে থাকায় সেটি এখনও বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আফনানের চিকিৎসক ও চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান হারুন অর রশিদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad