পাবনায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাবনায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
‎ পাবনায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় উৎসুক জনতা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার সুজানগর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার ভোররাত ৫টায় উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত সাগর শেখ নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে সাগর শেখ আরও দুই তিনজনের সঙ্গে তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছিলেন। এ সময় গরু চুরির জন্য তারা সেখানে এসেছে এমন সন্দেহে নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে সাগরকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিহতের শরীরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া মাথা ও পায়ের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ জানায়, গরু চুরির সন্দেহে গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আইন হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। অপরাধীকে আটক করে আইনের হাতে তুলে দেওয়া উচিত।

জানা যায়, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন থেকে গত দেড় বছরে শতাধিক গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে সম্প্রতি এলাকাবাসী সড়ক অবরোধ ও মানববন্ধনও করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad