ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধীদের’ নাম শোক প্রস্তাবে যুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
ছাত্র সংগঠনটি মনে করে, চিহ্নিত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবে যুক্ত করা হয় মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম যুক্ত করা হয়। এরা প্রত্যেকেই একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সই করা যৌথ বিবৃতিতে ‘কুখ্যাত যুদ্ধাপরাধীদের’ নাম শোক প্রস্তাবে যুক্ত করার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার ভেতর দিয়ে এই সংসদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করল। আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করে সংসদে যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা হল।’
‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে জনগণের ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার সম্মতি দিল, যা জনগণের সঙ্গে একপ্রকার প্রতারণা।’
ছাত্র ইউনিয়ন মনে করে, এর মধ্য দিয়ে বিএনপি মূলত তাদের যুদ্ধাপরাধীদের সঙ্গী করে চলার যে পুরানো নীতি, তারই পুনরাবৃত্তি ঘটাল।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুক্তিযুদ্ধ এই জাতির, এই ভূখণ্ডের সবচেয়ে গৌরবান্বিত অধ্যায়। মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করা হলে জনগণই তার সমুচিত জবাব দেবে।’


