আওয়ামী লীগ সরকারের সময়ে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ফের আবেদন আহ্বান করা হয়েছে।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। মামলাগুলোর বর্তমান অবস্থা জানিয়ে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের স্পষ্ট ফটোকপি সংযুক্ত করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সলিসিটর বরাবর দাখিল করতে হবে।
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা হিসেবে পরিচিত সেগুলো প্রত্যাহার করতে আগেই দেশের সব পাবলিক প্রসিকিউটরদের এ ধরনের মামলার তালিকা পাঠাতে বলা হয়েছিল। পরে মামলা প্রত্যাহারের কার্যক্রম আরও বেগবান করতে জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তিও জারি করা হয়।


