নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র, লুন্ঠিত আট লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মুসলিমনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, নয়াবাজারের মো. আব্দুল বাতেন এর বাড়ির সামনে অভিযান চালিয়ে সাত-আটজনের একটি ডাকাত দলকে আটকের চেষ্টা করে পুলিশ। তবে তাদের উপস্থিতি টের পেয়ে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করলে মো. অলিউল্লাহ হাওলাদার ওরফে ওলিউল্লাহ (৩০) ও মো. জাকারিয়া হাওলাদার (২৮) পুলিশের হাতে ধরা পড়ে।
এ সময় তাদের কাছে থেকে একটি সুইস গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, একটি কাটার, একটি গ্যাস লাইটার/হিটার, নগদ আট লাখ টাকা, একটি স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, ছোট বড় বিভিন্ন ডিজাইনের ৪০ পিস কানের দুল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পলাতক সহযোগীদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ পঞ্চবটি থেকে কাশিপুর রাস্তায় মিশুক, অটো, সিএনজিসহ বিভিন্ন যানবাহন বেরিকেড দিয়ে ডাকাতির স্বীকারোক্তি দেন।
তবে উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা কোথায় থেকে লুট করেছেন সে বিষয়ে তারা কোনো তথ্য দেননি।
গ্রেপ্তারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা পুলিশ। পলাতক ডাকাতদের গ্রেপ্তারেও অভিযান চলছে।


