‘গজনি’ সিনেমার খলনায়ক প্রদীপ সিং মারা গেছেন

‘গজনি’ সিনেমার খলনায়ক প্রদীপ সিং মারা গেছেন
Advertisement
Advertisement

ভারতের প্রবীণ অভিনেতা প্রদীপ সিং রাওয়াত মারা গেছেন। খলনায়ক চরিত্রে অভিনয়  করে পরিচিতি পাওয়া এই অভিনেতা হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম সিনেমায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেশ কয়েক মাস ধরে ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার মুম্বাইয়ে মারা যান প্রদীপ সিং রাওয়াত। ৫ আগস্ট তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, প্রায় চার বছর আগে ক্যানসারকে জয় করেছিলেন প্রদীপ সিং রাওয়াত। তবে ছয় সপ্তাহ আগে আবারও তার শরীরে এ রোগ ফিরে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, তার রক্তে প্লাটিলেটের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

প্রদীপ সিং রাওয়াত অভিনয়জীবন শুরু করেন টেলিভিশনের মাধ্যমে। ১৯৮৮ সালে বি আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের নজরে আসেন।

আরও পড়ুন

এই চরিত্র তাকে সারা দেশের দর্শকের কাছে পরিচিত করে তোলে এবং এরপর প্রায় চার দশকের দীর্ঘ অভিনয়জীবনের পথ খুলে দেয়। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সুরিয়ার তামিল ব্লকবাস্টার ‘গজনি’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। পরে ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি রিমেক ‘গজনি’তেও একই চরিত্রে অভিনয় করেন প্রদীপ।

হিন্দি সিনেমায় আশুতোষ গোয়ারিকরের অস্কার মনোনীত মহাকাব্যিক চলচ্চিত্র ‘লগান’ (২০০১)-এ দেবা সিং সোধির চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি। ওই ছবিতে তার সহশিল্পী ছিলেন আমির খান।

দক্ষিণ ভারতীয় সিনেমাতেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। এস এস রাজামৌলির ‘সাই’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর প্রভাস অভিনীত ‘ছত্রপতি’, ‘আন্দরিভাডু’, ‘লক্ষ্মী’ এবং মহেশ বাবুর ‘১: নেনোক্কাডিনে’-সহ বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করেন তিনি।

তামিল সিনেমায় তার অভিষেক হয় সিলাম্বরাসন টিআরের ‘থোত্তি জয়া’ ছবির মাধ্যমে। সর্বশেষ তাকে দেখা গেছে সান্থানাম অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ডিডি রিটার্নস’-এ।

তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘ছাভা’, ‘চায়না টাউন’, ‘কাজিনস’ এবং ‘গায়াপাড্ডা সিংহম’। ‘গায়াপাড্ডা সিংহম’ ছিল তার অভিনীত সর্বশেষ তেলেগু সিনেমা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর