পাহাড়ে ভেঙে পড়া সেতুতে বাঁশ জোড়া দিয়ে পারাপার

পাহাড়ে ভেঙে পড়া সেতুতে বাঁশ জোড়া দিয়ে পারাপার
দুর্ঘটনার আশঙ্কায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অনেক অভিভাবক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির কমলছড়ি এলাকার ঘাটপাড়া-গুগুড়াছড়ি সড়কের সংযোগ সেতুর ধারক দেয়াল। এ.কে পাড়া এলাকার ওই সেতুটির পিলার ও ধারক দেয়ালের কাছে মাটিও ধসে পড়েছে। সেতুর মূল অংশের সঙ্গে বাঁশ জুড়ে দিয়ে বিকল্প যাতায়াত ব্যবস্থা তৈরি করেছেন স্থানীয়রা।

তারা জানান, পুরো সেতুটিই যে কোনো মুহূর্তে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। তবুও বিকল্প পথ না থাকায় জোড়া দেওয়া বাঁশের সাঁকো দিয়েই চলাচল করছেন আশেপাশের সাত থেকে আটটি গ্রামের হাজারও মানুষ। পরিবহন করা হচ্ছে মালামাল।

এমনকি বিপদজনক সেতুটিতে নিয়মিত পারাপার করতে হচ্ছে এ.কে পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের।

খাগড়াছড়িতে সেতু ধসের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে শিক্ষার্থীরা। ছবি: টাইমস

স্থানীয়রা জানান, সেতুটির সংযোগ সড়কের মাটি এর আগেও সরে গিয়েছিল। তখন নিজ উদ্যোগে সেখানে মাটি ভরাট করে যোগাযোগ ব্যবস্থা সচল রেখেছিলেন তারা।

আরও পড়ুন

তবে এবার মাটি ধসে সেতুর ধারক দেয়াল ভেঙে পড়ায় আতঙ্কিত গ্রামবাসী। স্কুলগামী শিশুরা যে কোন মুহুর্তে দুর্ঘটনায় পড়তে পারে বলে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন।

ঝুকিপূর্ণ ও বিপদজনক সেতুটি দ্রুত পুনর্নিমাণের দাবি জানিয়ে এ.কে পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপরিসিতা চাকমা বলেন, ‘আমাদের অধিকাংশ শিক্ষার্থী সেতুটির ওপার থেকে আসে। তাদের জন্য সব সময় চিন্তা হয়। কখন দুঘর্টনা ঘটে!’

এক নম্বর খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা জানান, কয়েকমাস আগেই স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি)  সেতু সংস্কারের বিষয়ে জানানো হয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বলেন, ‘স্থানীয় প্রশাসন সেতুটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। দুই-তিন মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad