ঝিনাইদহের কোটচাঁদপুরে চার দিন নিখোঁজ থাকার পর মো. মফিজুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার হরিন্দীয়া ঝামাঘাটা গ্রামের আনোয়ার হোসেনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মফিজুল ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
চার দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন মফিজুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে স্বজনরা মরদেহটি মফিজুলের বলে শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘চার দিন নিখোঁজ থাকার পর মফিজুল ইসলামের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’


