চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাতে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, বড়বলদিয়া বিওপির টহল দল নায়েক ইব্রাহিমের নেতৃত্বে রাতে হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয় এবং সীমান্তের দিকে চলাচল করা যানবাহনে তল্লাশি করা হয়।
এ সময় টহল সদস্যরা এক ব্যক্তিকে ভ্যানযোগে একটি বড় ড্রাম নিয়ে সীমান্ত এলাকার দিকে যেতে দেখে তাতে তল্লাশি চালিয়ে ড্রাম ভর্তি ডিজেল খুঁজে পায়।
নাজমুল হাসানের তথ্যমতে, ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল উদ্ধার করে বিজিবি। ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্ত এলাকায় ডিজেল নেওয়া হচ্ছিল জানিয়ে তিনি বলেন, বিজিবির সতর্কতার কারণে পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত ডিজেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।


