চট্টগ্রামের কোতোয়ালিতে সন্ত্রাসীদের হামলায় মো. মিনহাজ (২৫) নামে এক যুবদল কর্মীর কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সবুজকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব-৭ ও র্যাব-৯-এর একটি যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সবুজের (২৫) বাড়ি চট্টগ্রামের ব্রাহ্মণপাড়া এলাকায়।
ভুক্তভোগী মিনহাজ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মাস্টারপুলের বাসিন্দা এবং পেশায় জহুরুল হকার্স মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী।
র্যাব জানিয়েছে, গত ৬ এপ্রিল সকালে মিনহাজ রিকশায় করে মাস্টারপুলের বাসা থেকে জহুরুল হকার্স মার্কেটে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কোতোয়ালি থানার কোরবানীগঞ্জ এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
তারা দেশীয় অস্ত্র নিয়ে মিনহাজের দুই হাত, দুই পা এবং মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তার ডান হাতের কব্জি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পর মিনহাজের বোন তাহমিনা বাদী হয়ে কোতোয়ালি থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
র্যাব-৭-এর গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার দুই নম্বর আসামি মো. সবুজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


