‘ব্যবসা করতে হলে ২ কোটি টাকা, মাসে দিবি ১০ লাখ’

‘ব্যবসা করতে হলে ২ কোটি টাকা, মাসে দিবি ১০ লাখ’
চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরের চকবাজারে 'ডিজিটাল ডট নেট' নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও ভাঙচুর। ছবি: স্ক্রিনগ্র্যাব
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকাশ্যে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীদের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলায় জড়িত।

ঘটনার আগে প্রতিষ্ঠানের পরিচালক রিদওয়ানুল কবিরের কাছে একটি বিদেশি নম্বর থেকে ফোন আসে। নিজেকে সাজ্জাদ গ্রুপের ‘ডেভিড ইমন’ (মোবারক হোসেন ইমন) পরিচয় দিয়ে এক ব্যক্তি হুমকি দেন, চট্টগ্রামে ব্যবসা করতে হলে তাদের সঙ্গে ‘সমন্বয়’ করতে হবে।

ফাঁস হওয়া অডিও কথোপকথনে ইমনকে বলতে শোনা যায়, ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি। মাসে দিবি ১০ লাখ’।

এ ছাড়া, তিনি ব্যবসায়ীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, টাকা না দিলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে, কারণ এখন থেকে তাদের ‘পোলাপাইন’ ব্যবসা করবে।

আরও পড়ুন

কথোপকথনের একপর্যায়ে ইমন নিজেকে সাজ্জাদ গ্রুপের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ দাবি করে পুলিশ কমিশনারের কাছ থেকে তার পরিচয় জেনে নিতে বলেন। তিনি স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাসায় গুলি করার ঘটনা উল্লেখ করে ভুক্তভোগীকে আতঙ্কিত করার চেষ্টা করেন।

ইমন আরও দাবি করেন, অক্সিজেন, হাটহাজারী ও মুরাদপুর এলাকার সব ব্যবসায়ী তাদের সঙ্গে সমন্বয় করে ব্যবসা করছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ডিডিএন কার্যালয়ে ঢুকে পড়ে। দেশীয় অস্ত্রধারী এই যুবকেরা কুড়াল দিয়ে অফিসের কম্পিউটার, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম গুঁড়িয়ে দেয়।

প্রতিষ্ঠানের পরিচালক রিদওয়ানুল কবির জানান, হামলাকারীরা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে তাদের বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এজাহার করলে দ্রুত মামলা নেওয়া হবে। বিদেশে পলাতক সন্ত্রাসীদের নাম ব্যবহার করে এই চাঁদাবাজি ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর