হয়তো এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

হয়তো এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জীবনের শেষ নির্বাচন হতে পারে, এমন মনোভাব জানিয়েছেন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই কথা বলেন।

নির্বাচনে যারা দলের মনোয়নপ্রত্যাশী ছিলেন কিন্তু প্রাথমিক টিকিট পাননি তাদের প্রতি ফখরুল বলেন, ‘এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’

দলের সব কর্মীদের তার পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল ফেসবুক পোস্টে বলেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সব নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

তার জীবনের রাজনৈতিক কিছু ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নিয়েছিলাম আবার রাজনীতিতে ফিরব, তখন আমার দুই মেয়ে খুবই ছোট। ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়সও তখন কম। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিল, কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমার মেয়েদের হাত ধরে সে-ই ওদের স্কুলে নিয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে। মনে আছে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে। আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে সকালে মেয়ের পাশে থাকতে পারি।’

‘এ সময় যারা সারা জীবন রাজনীতি করেছে তাদের প্রত্যেকেরই এমন কিছু গল্প আছে যা অনেকেই জানে না’, বলেন মির্জা ফখরুল।

‘এ ধরনের গল্প অন্য কোনো দিন বলব, যদি আল্লাহ চান। আমাদের হাজার হাজার নেতা–কর্মীর এমন গল্প আছে। এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন।’

পোস্টের শেষে দলীয় নেতাকর্মী ও জনগণের দোয়া চান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব।’

সকলকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নেওয়ার যোগ্যতা বিএনপির আছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad