সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স চতুর্থবারের মতো খোলা হয়েছে। শনিবার সকাল ৯টায় মাজারের দানবাক্স ও মানতের তিনটি ডেগ খোলা হয়।
এর আগে, গত ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স খোলা হয়েছিল। সেদিন নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রা এবং সোনা ও রুপার অলংকারও পাওয়া যায়।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সদস্য এবং সিলেট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী একই প্রক্রিয়ায় এবারও দানবাক্স ও ডেগ খোলা হয়েছে। গণনা শেষে প্রাপ্ত অর্থের পরিমাণ জানা যাবে।
মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গত ২২ জুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে দানবাক্স খোলা হয়। সে সময় মাত্র চার দিনে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। তখন নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। এ সময়ও বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া যায়।
তৃতীয় দফায় ১৫ আগস্ট দানবাক্সের পাশাপাশি মানতের ডেগও খোলা হয়েছিল। ওই দফায় নগদ অর্থের পাশাপাশি দেশি-বিদেশি মুদ্রা এবং সোনা ও রুপার অলংকার পাওয়া যায়।
এ পর্যন্ত তিন দফায় নগদ ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে। প্রশাসনের তত্ত্বাবধানে এসব অর্থ মাজারের তহবিলে জমা রাখা হয়েছে।


