সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো প্রায় নয় হাজার কেজি (নয় টন) অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করেছে পুলিশ। বুধবার দুপুরে বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করা হয়।
এর আগে মঙ্গলবার গভীর রাতে থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে শহরের পুরাতন আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে আম ভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, রাসায়নিক দিয়ে পাকানো ট্রাকভর্তি আমের একটি বড় চালান সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার গোপন খবর পেয়ে রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান চালান।
এ সময় সেখানকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট ভর্তি কেমিক্যাল দিয়ে পাকানো অপিরপক্ক আম জব্দ করা হয়। যার ওজন প্রায় নয় হাজার কেজি (৯টন)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, জব্দকৃত আমগুলো বিনষ্ট করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, অপরিপক্ক আমগুলো রাসায়নিক দিয়ে পাকানোয় ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।


