ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খড়িবাড়ি গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও লক্ষ্মীপুর গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)।
আহতরা হলেন, রণজীত বিশ্বাস (৭০) ও প্রকাশ বিশ্বাস (৪৫)। তাদেরকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, উপজেলার খড়িবাড়িয়া গ্রামে পেঁয়াজের ক্ষেতে কাজ করছিলেন গ্রামের লোকজন। বেলা সাড়ে ১১ টার দিকে বজ্রপাতে দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহত দুজনের মরদেহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতদের ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


