তীব্র স্রোতে ফেরিঘাটের র্যাম্পের নিচের মাটি সরে যাওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাটটিও বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে লঞ্চ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘাট বন্ধ ঘোষণা করা হয় বলে জানান পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।
পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হয়ে গেল অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল দুই নম্বর ফেরিঘাটে। সেটিও আপাতত ব্যবহার করা যাচ্ছে না।
পান্না লাল নন্দী জানান, মঙ্গলবার পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অন্যটিও ঝুঁকিতে পড়ে। ফলে সেদিন বিকাল থেকে লঞ্চগুলোকে পাশের দুই নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে রাখা হয়। সেখান থেকেই কোনোরকমে যাত্রী ওঠানামা করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে সেই ঘাটের একটি র্যাম্পের তার ছিঁড়ে যায়। আর একটি র্যাম্পের নিচ থেকে মাটি সরে গেছে। যেকোন সময় এটার তারও ছিঁড়ে যাবে।
তিনি বলেন, ‘সে কারণে ঝুঁকি এড়াতে আমরা লঞ্চগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে এই নৌপথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রয়েছে।’
পাটুরিয়ার এই লঞ্চঘাটটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ।


