কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার তার বউভাতের আয়োজন ছিল। এর আগেই গভীর রাতে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে সাইরা খাতুনের (১৮) এর বিয়ে হয়। বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নববধূকে শ্বশুরবাড়িতে তুলে আনা হয়। শুক্রবার দুপুরে বউভাতের আয়োজন থাকায় বাড়িতে অতিথিদের খাবারের স্থান ও প্যান্ডেল তৈরির কাজ তদারকি করছিলেন আনাস।
রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন বলেন, ভোররাতে বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, বউভাতের আয়োজন চলার মধ্যেই এমন দুর্ঘটনায় সব আনন্দ মুহূর্তেই শেষ হয়ে গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


