শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, মানবিক মূল্যবোধ নিয়ে ভালো মানুষ হতে হবে। মাদক নির্মূল ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব ঠেকাতে অভিভাবক-শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার বিকালে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কায়সার কামাল বলেন, ‘আমরা চাই আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে ডিসি, এসপি হয়ে দেশের গুরুত্বপূর্ণ স্থানে নেতৃত্ব দিক।’
কলমাকান্দার কৃতী সন্তান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কাউসার আজিজের উদাহরণ দিয়ে তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। কৃতী শিক্ষার্থীদের লিও টলস্টয়ের ‘হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড’ বইটি উপহার দেন তিনি।
তিনি বলেন, ‘এই গল্পের মূল শিক্ষা সততা। আমি চাই শিক্ষার্থীরা সততার আদর্শ ধারণ করে বেড়ে উঠুক।’
মোবাইল ফোনে আসক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তির প্রয়োজন আছে। তবে এটি যেন আসক্তিতে পরিণত না হয়, সেদিকে নজর রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এই ধ্বংসাত্মক প্রবণতা থেকে বাঁচাতে হবে।’
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে তিনি বলেন, ‘মাদক একজন ব্যক্তি ও পুরো পরিবারকে ধ্বংস করে। সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বড়ুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় ও নলছাপড়া উচ্চ বিদ্যালয়ের খারাপ ফলাফলে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘দৃষ্টিনন্দন ভবন থাকলেই হবে না, শিক্ষার মান নিশ্চিত করতে হবে। বারবার খারাপ ফল করা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।’
বক্তব্যের শেষে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


