চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার ভর্তি কমিটির সদস্য সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সি-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি, এ-ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি, বি-ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি এবং ডি-ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, বি২ উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং ডি১ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে।
তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভর্তি পরীক্ষার এসব তারিখ সম্ভাব্য। ভর্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তারিখে পরিবর্তন আসতে পারে।


