জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল ও পুলিশের দুই উপমহাপরিদর্শক (ডিআইজি)। তাদের প্রেষণে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
রোববার জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের এসব কর্মকর্তাকে বদলি ও প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি সংশ্লিষ্ট কার্যালয় থেকে ন্যস্ত করার কথা বলা হয়েছে।
পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন-বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন, পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম এবং ডিআইজি মোহাম্মদ আবদুল কাদের।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম বর্তমানে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে এনএসআইয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
পুলিশের আরেক কর্মকর্তা ডিআইজি মোহাম্মদ আবদুল কাদের বর্তমানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকেও এনএসআইয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ নিয়োগের ফলে এনএসআইয়ের পরিচালক পদে সেনাবাহিনী ও পুলিশের তিন কর্মকর্তাকে নতুন করে দায়িত্ব দেওয়া হলো।


