অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামীপন্থী ৬১ আইনজীবী কারামুক্ত দিবস উপলক্ষে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার মহানগর দায়রাজজ আদালতের সামনে তারা বিভিন্ন স্লোগান সম্বলিত এই মানববন্ধন করেন। এ সময় তারা ‘ইউনূসের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য দেন। এ সময় তিনি আওয়ামীপন্থী আইনজীবীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান।
এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের মামলা প্রত্যাহারের দাবিও জানান।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট তৌহিদ এবং অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুল।


