চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বর থেকে কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েবের ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
রোববার সকালে সার নিতে সদর উপজেলায় আসা কৃষকদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার পর জানানো হয়, সার চুরি হয়ে গেছে। এ কারণে তাদের পরদিন এসে সার নিতে বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা প্রতিবাদ করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা বিএডিসি গোডাউন থেকে আনা এসব সার উপজেলা চত্বরে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল। সেখান থেকে ৫৪ বস্তা সার গায়েব হয়। অবশিষ্ট সারও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, কৃষকদের প্রণোদনার ৫৪ বস্তা সার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, কৃষি কর্মকর্তা তাকে সার চুরির বিষয়টি জানিয়েছেন এ বিষয় থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন।


