নরসিংদীতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজের একদিন পর সৌরভ (১৪) নামের এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন স্বজন ও স্থানীয়রা।
রোববার বিকাল ৪টার দিকে রায়পুরার উত্তর বাখরনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সৌরভ পার্শ্ববর্তী বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামের কায়েস মিয়ার ছেলে ও স্থানীয় এএনএম উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
এর আগে শনিবার দুপুর ১২টার পর উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার সেতু এলাকায় আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যায় সৌরভ।
চর উজিলাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম জানান, দুপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সৌরভ। খোঁজাখুঁজি অব্যাহত রাখার পর রোববার বিকাল ৪টার দিকে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে উত্তর বাখরনগর সাধুর আখড়া সংলগ্ন নদীতে তার মরদেহ পাওয়া যায়।
ইউপি চেয়ারম্যান আরও জানান, পরিবারের আবেদনে প্রশাসনের অনুমতি সাপেক্ষে মরদেহের দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অনুমতির পর বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


