চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মাহাবুল আলম (৬০) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার বৃন্দাবনহাট খেজুরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
নিহত মাহাবুল আলম উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর হাইদচকিয়া এলাকার হাড়িচাঁন গাজী বাড়ির মৃত আব্দুন নবীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বৃন্দাবনহাট বাজারে সবজির ব্যবসা করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বৃন্দাবনহাট বাজারে সবজিবোঝাই একটি গাড়ি পৌঁছালে সবজি নিতে রাস্তা পার হচ্ছিলেন মাহাবুল আলম। এ সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহতের ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার বড় ভাই সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুপুরে তার মৃত্যু হয়। পরে রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।’


