চট্টগ্রামে করপোরেট ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর ব্যাডমিন্টন

চট্টগ্রামে করপোরেট ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর ব্যাডমিন্টন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসর।

শুক্রবার বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেলসংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন হয়। এতে দেশের ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে ক্লিফটন গ্রুপ ১-০ গোলে কনফিডেন্স সিমেন্টকে হারায়। ম্যাচসেরা হন ক্লিফটনের নওশাদ। দ্বিতীয় ম্যাচে পিএইচপি ফ্যামিলি ২-০ গোলে চৌধুরী গ্রুপকে পরাজিত করে।

প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে এশিয়ান গ্রুপ, কনকর্ড ও এক্সপো ফ্রেইট, ‘বি’ গ্রুপে কনফিডেন্স সিমেন্ট, ক্লিফটন গ্রুপ ও সাউথইস্ট ব্যাংক, ‘সি’ গ্রুপে এ অ্যান্ড ই, বিকাশ ও কেএসআরএম এবং ‘ডি’ গ্রুপে ডেকাথলন, পিএইচপি ফ্যামিলি ও চৌধুরী গ্রুপ রয়েছে।

‘ই’ গ্রুপে এন মোহাম্মদ, আকিজ শিপিং ও মার্স্ক, ‘এফ’ গ্রুপে বনফুল, নগদ ও ফোর এইচ গ্রুপ, ‘জি’ গ্রুপে কেডিএস ফ্যাশন, মামিয়া ওপি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ‘এইচ’ গ্রুপে মাফ ফ্যামিলি, রবি ও পি-টু-পি ফার্নিচার রয়েছে।

আগামী ৪ নভেম্বর শুরু হবে প্রথমবারের মতো ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। এতে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের শাটলারেরা অংশ নেবেন। ৬ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী লিটন, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম।

শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি নিজেও প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। গত ২৫ বছর ধরে স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ করছেন। খেলায় চোট এড়াতে শারীরিক প্রস্তুতি জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া কার্ড চালু করেছেন। আর্থিক সংকটে থাকা খেলোয়াড়দের পাশে দাঁড়াতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য বাড়ানো ও মাদকমুক্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে প্রতিবছর এ আয়োজন করা হয়। এবার ফুটসালের পাশাপাশি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতাও যুক্ত হয়েছে।

এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একত্র করা, পারস্পরিক পরিচিতি বাড়ানো ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।

এর আগে ফুটসাল টুর্নামেন্টের দুটি আসর অনুষ্ঠিত হয়েছে। আয়োজকেরা জানান, এবার ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হওয়ায় আয়োজনের পরিধি বেড়েছে। তাদের আশা, এ উদ্যোগ করপোরেট কর্মীদের মধ্যে সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad