সৌদি আরবগামী কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় শুক্রবার রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ঢাকায় আটকা পড়েছেন ২২ হাজার ৭২১ জন যাত্রী। তাদের বড় অংশ সৌদি প্রবাসী বাংলাদেশি।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। পরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছিল। ওই বিমানবন্দরেও হামলার পর ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বন্ধ রয়েছে।
বাতিল হওয়া ১৫৯টি ফ্লাইটের মধ্যে ৮২টি সরাসরি ফ্লাইট। বাকি ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
বিমান বাংলাদেশ এ পর্যন্ত ৩৭টি ফ্লাইট বাতিল করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২০টি ও রিয়াদ এয়ারওয়েজের ১৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর। এয়ারলাইন্সটির ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি ও ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।


