কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গোষ্ঠীর বিরোধে দুই জনকে তুলে নিয়ে মারধরে একজনের মৃত্যু হয়েছে। নিহত রোহিঙ্গা যুবকের নাম মো. আয়াস (২২)।
এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরও এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই আরাকান রোহিঙ্গা স্যালভেশন অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানা গেছে।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-০৩ ও ডি-০৭ ব্লকে এ ঘটনা ঘটে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসার সদস্যদের সঙ্গে আরএসওর সদস্যদের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আরসার সদস্যরা আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে তাদের নিজ নিজ আশ্রয়কেন্দ্র থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের আটকে রেখে মারধর করা হয়। এতে আয়াস ঘটনাস্থলেই মারা যান এবং ছৈয়দ মোহাম্মদ গুরুতর আহত হন।’
আহসান খান আরও বলেন, ‘দুই রোহিঙ্গাকে আটকে রাখার পর তাদের পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা আদায় করেছে আরসার সদস্যরা। এ ঘটনায় আরসার পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন মো. সলিম (৩৫), নজিম উল্লাহ (৩৬), ফয়সাল, আকরাম (৩৫) ও হানিফ (৩৪)। তারা সবাই ১৫ নম্বর আশ্রয়শিবিরের বিভিন্ন ব্লকে বসবাস করেন।’
আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আহসান খান।


