দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ২৭ ওভারে ১ উইকেটে ৮৯ রান তুলে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেট হাতে নিয়ে এখনও ১৮৩ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছিলো বাংলাদেশ। সাদমান ৯৯ ও লিটন দাস ১০ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের ৩২তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি তুলে ব্যক্তিগত ১০৫ রানে আউট হন সাদমান। ২৩৪ বল খেলে ১১টি চারে ১০৫ রান করেন তিনি।
দলীয় ২২১ রানে চতুর্থ ব্যাটার হিসেবে সাদমান ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট পতনে ৯৭.৪ ওভারে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। লিটন অপাজিত ৩৪, তাওহিদ হৃদয় ৪২, মোমিনুল হক ২৮, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ ও মেহেদি হাসান মিরাজ ১৫ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান ২৩.৪ ওভার বল করে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন।
নিজেদের প্রথম ইনিংস শুরু করে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রান্ডন কিংকে ১৫ রানে আউট করেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ।
দ্বিতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা-বিরতিতে যান ওপেনার জন ক্যাম্পবেল ও তেজনারায়ন চন্দরপল। ক্যাম্পবেল ৫৩ ও চন্দরপল ২১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের হাসান ২৫ রানে ১ উইকেট নেন।


