ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য দুই সদস্য হলেন চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ নাজমুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া পিবিআই পুলিশ সুপার সচিন চাকমা।

অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম তদন্ত কমিটি গঠন করার কথা শনিবার রাতে টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশলাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের উত্তেজনা, হামলা ও লাঠিচার্জের ঘটনা ঘটে। পণ্ড হয়ে যায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠিচার্জ ও পাল্টা হামলায় মাদ্রাসা শিক্ষার্থী পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হন।


