চট্টগ্রামে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিবের বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি আটগাছতলা এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাকিবকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কয়েকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী শরীফ উদ্দিন বলেন, ‘কামালবাজার লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে আহত হয়ে ওই যুবক পড়ে ছিল। আমি এবং আরও দুই পথচারী মিলে তাকে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এক যুবকের সঙ্গে মোবাইল ফোন সেট নিয়ে সাকিবের বিরোধ হয়েছিল। ওই বিরোধের জেরেই তাকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।
তিনি জানান, ‘ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


