মালয়েশিয়ায় জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার আদালত পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।
শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশিদ রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আসামি মালয়েশিয়ায় জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং সেখানে গ্রেপ্তার হন। যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। আসামির পূর্ববর্তী কার্যক্রম, তিনি কোনো জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং এর পেছনে অর্থের যোগানদাতা কে তা জানার জন্য রিমান্ড প্রয়োজন।
মালয়েশিয়ায় গ্রেপ্তার বিষয়ে আসামি মাসুদুর রহমান আদালতকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবান সম্পর্কে পোস্ট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। তাদের কার্যক্রম তার ভালো লাগত বলে তা পোস্ট করে তিনি নিজেকে ও অন্যদের ঝুঁকির মধ্যে ফেলেছেন। আসলে তিনি মালয়েশিয়ায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি মাসুদুর রহমান (৩০) মালয়েশিয়ায় থাকাকালীন ফেসবুকে হামাস, তালেবান ও আল-কায়েদার মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ভিডিও পোস্ট করার অভিযোগে মালয়েশিয়ান পুলিশের হাতে আটক হন। মালয়েশিয়ার আদালতে সাজা ভোগ শেষে গত ২৫ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড প্রয়োজন।


