ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বুধবার বন্ধ থাকবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে, গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে চার দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ভোটগ্রহণে ভোটার উপস্থিতি ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, রাত ১২টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে ডাকসু নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এই অভিযোগ তোলেন তারা। এ সময় প্রার্থীদের সামনে কেন্দ্রটির ভোট গণনা করার দাবি জানানো হয়। অবশ্য এই দাবির বিপরীতে কোনো বক্তব্য দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন।
এর আগে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেও প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থীরা। পরে ক্যাম্পাসের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সেখানে শিবিরের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করা হয়।


