গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চারজন ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ছিলেন এবং ছযজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হাম সন্দেহে ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন এবং হামের উপসর্গ বা সন্দেহজনক অবস্থায় মারা গেছেন ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৬৮ জন ব্যক্তি হামে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫৩ জনে ।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৮০ জন এবং রাজশাহী বিভাগে ২৪১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৪৫ জন, খুলনায় ১০২ জন, বরিশালে ৭৬ জন, রংপুরে ৪১ জন, ময়মনসিংহে ৩৪ জন এবং সিলেটে ৪৯ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১০ হাজার ২২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৬৫৬ জন।
ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৫০ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে ।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২৩ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, বর্তমানে অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বার্থ রক্ষায় লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


