বিচার বিভাগের দুর্নীতির শিকড় উপড়ে ফেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেছেন, ‘আমরা এমন কোনো বিচার বিভাগ গড়তে চাই না যা দুর্নীতিগ্রস্ত হবে। বিচার বিভাগের স্বাধীনতার নামে যারা মাজদার হোসেনের উদাহরণ দেন, তাদের জেনে রাখা উচিত—আমরা দুর্নীতির সকল শিকড় তুলে আনতে বদ্ধপরিকর।’
শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, অনেকে জুলাই সনদ, মানবাধিকার কমিশন এবং বিচার বিভাগীয় সচিবালয় নিয়ে প্রশ্ন তুলছেন। প্রতিটি আইন যথাযথভাবে যাচাই-বাছাই করে সংসদীয় প্রক্রিয়ায় বিল আকারে আনা হবে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি তাদের ধমনিতে জুলাই সনদ ধারণ করে। তবে ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরণের আদেশ দেওয়ার কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই। তা সত্ত্বেও বিএনপি এই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে।


