আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও করার সময় শিক্ষার্থীর মৃত্যু

আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও করার সময় শিক্ষার্থীর মৃত্যু
Advertisement
Advertisement

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় শহীদ মিনারের সামনে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকায় বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল খেলা দেখতে রাত সাড়ে ১২টার দিকে দীপ্ত চৌধুরী বাসা থেকে বের হন। তিনি বন্ধুদের সঙ্গে বাইরে বড় পর্দায় খেলা উপভোগ করেন।

আর্জেন্টিনার জয়ে রাত সাড়ে ৩টার দিকে শহরে আনন্দ মিছিল বের হলে দীপ্ত চৌধুরী ছবি ও ভিডিও ধারণ করতে শহীদ মিনার মোড় এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীপ্ত চৌধুরীর মামা সুব্রত রায় বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনার বিজয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মিছিলের প্রস্তুতি নেয়। মিছিলের ছবি, ভিডিও ধারণ করতে দীপ্ত শহীদ মিনার মোড়ে সিঙ্গার শো-রুমের দ্বিতীয় তলায় উঠে।ভিডিও ধারণ করার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, ‘রাত প্রায় সাড়ে ৩টার দিকে কয়েকজন যুবক এক রোগীকে নিয়ে আসে। তখন রোগীর নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। রোগীকে মৃত অবস্থায় পাই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad