সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া গতির ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান নামে এক হেলপার গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রায়গঞ্জ উপজেলার নূর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এস অ্যান্ড বি ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে বালুবাহী ১০ চাকার ডাম্প ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। স্থানীয়দের অভিযোগ, ওই সময় ডাম্প ট্রাকটি হেলপার রায়হান চালাচ্ছিলেন। আর চালক শরিফুল ইসলাম গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে শরিফুল ও রায়হান গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত রায়হান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


